Tranding
আর্ন্তজাতিক / November 30, 2025

কিয়েভের উপকণ্ঠে রুশ ড্রোন হামলায় নিহত ১, আহত ১১

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার চালানো ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত থেকে রবিবার ভোরের এ হামলার তথ্য নিশ্চিত করেছেন কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক।

কালাশনিক টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রাশিয়া আবারও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি আবাসিক টাওয়ারে আগুন ধরে যায় এবং দমকলকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন।

তিনি বলেন, “দুঃখজনকভাবে, ভিশগোরোদ এলাকায় শত্রুর হামলায় একজন নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।”

এ ঘটনার মাত্র একদিন আগে, শুক্রবার রাতেও রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় তিনজন নিহত হন এবং ইউক্রেনজুড়ে লাখো মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা আলোচনা করতে ইউক্রেনের একদল আলোচক শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের প্রাথমিক খসড়া প্রস্তাবটি ইউরোপীয় মিত্রদের অংশগ্রহণ ছাড়াই তৈরি হয়। ওই প্রস্তাবে পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সরে দাঁড়ানো এবং দোনেৎস্ক, ক্রিমিয়া ও লুহানস্ককে রাশিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয় উল্লেখ ছিল।

কিয়েভ ও ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনার পর যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে সংশোধন আনে। তবে হালনাগাদ পরিকল্পনার বিস্তারিত এখনো অস্পষ্ট।

ফরাসি সরকারের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের জন্য জেলেনস্কি প্যারিস সফরে যাচ্ছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.