পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১০ বেসামরিক, ‘যুদ্ধবিরতি ভঙ্গের’ অভিযোগ তালেবানের
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা। শুক্রবার রাতে সংঘটিত এ হামলায় নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগান ভূখণ্ডে “সুনির্দিষ্ট বিমান হামলা” চালিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলির এক বিবৃতিতে বলা হয়, “হাফিজ গুল বাহাদর সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সীমান্ত এলাকায় নির্ভুল হামলা চালানো হয়েছে।”
অন্যদিকে, আফগান তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এক তালেবান কর্মকর্তা বলেন, “৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান পাকতিকা প্রদেশের তিনটি এলাকায় বোমাবর্ষণ করেছে। আফগানিস্তান জবাব দেবে।”
দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের পর বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসলামাবাদ ও কাবুল। তবে মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর নবায়ন করা হয়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার বলেন, “স্থায়ী শান্তির জন্য এখন বল তালেবান সরকারের কোর্টে।” তিনি অভিযোগ করেন, আফগান সীমান্তে সক্রিয় জঙ্গিরা শাস্তি ছাড়াই হামলা চালাচ্ছে।
অন্যদিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, “আমরা আমাদের সেনাদের নির্দেশ দিয়েছি, পাকিস্তানি বাহিনী আগে আক্রমণ না করলে হামলা চালাবে না। কিন্তু তারা আক্রমণ করলে আফগানিস্তান আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে।”
সাম্প্রতিক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত কয়েক ডজন যোদ্ধা ও সাধারণ নাগরিক নিহত হয়েছেন।