সুদানে আরএসএফের হামলায় ৪৬ শিশুসহ নিহত ১১৬ জন: দক্ষিণ করদোফান থেকে ভয়াবহ তথ্য
সুদানের দক্ষিণ করদোফান রাজ্যের কালোগি এলাকায় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে রয়েছে ৪৬ শিশু। স্থানীয় প্রশাসন ও সামরিক সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার কালোগির একটি প্রাক–প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হামলা চালানো হয়। হামলার পর ঘটনাস্থলে ছুটে আসা বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সরকার-সমর্থিত সুদানি সশস্ত্র বাহিনীর (এসএএফ) কয়েকটি সূত্র জানিয়েছে, একই দিনে কারদোফান শহরের একটি হাসপাতাল ও একটি সরকারি ভবনেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। এলাকায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শিশুদের মৃত্যু ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থার সুদান প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “স্কুলে শিশুদের হত্যা—এটি শিশু অধিকারের চরম লঙ্ঘন।” তিনি সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে মানবিক সহায়তার জন্য নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি করেন। ছবি: সংগৃহীত