Tranding
আর্ন্তজাতিক / December 25, 2025

সেনেগালের উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে নিহত ১২

সেনেগালের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ওই নৌকাটি এমবুর শহরের উপকূলীয় এলাকায় দুর্ঘটনার শিকার হয়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, নৌকাটিতে প্রায় ১০০ জন আরোহী ছিল, যাদের মধ্যে অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এ পর্যন্ত ১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং জীবিতদের সন্ধানে কাজ চালানো হচ্ছে। তবে উদ্ধারকারী দলের আগমনের আগে অনেক যাত্রী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জীবিতদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান।

উল্লেখ্য, এর এক দিন আগে সেনেগালের থিয়েস এলাকায় ১২৩ জন অভিবাসীকে আটক করা হয়েছিল। পশ্চিম আফ্রিকার এই দেশটি ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত, যেখানে ঝুঁকিপূর্ণ আটলান্টিক সাগর পাড়ি দিয়ে বহু মানুষ ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.