Tranding
আর্ন্তজাতিক / September 24, 2025

সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪

তাইপে, ২৪ সেপ্টেম্বর ২০২৫ — সুপার টাইফুন রাগাসার আঘাতে বিধ্বস্ত হয়েছে তাইওয়ান। শক্তিশালী এ ঝড়ে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন। নিখোঁজ রয়েছেন প্রায় ১২৪ জন। ঝড়টি বর্তমানে চীনের দক্ষিণ উপকূল এবং এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে।

হুয়ালিয়েনে ব্যাপক ক্ষয়ক্ষতি

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন উপকূলে আছড়ে পড়ে রাগাসা। জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং জানান, মৃত ও নিখোঁজদের অধিকাংশই এই এলাকায়। ঝড়ের সময় পানির স্রোতে একটি বড় সেতু ভেসে যায়, ফলে অনেক গ্রাম প্লাবিত হয়েছে এবং শত শত মানুষ আটকা পড়েছেন।

বিজ্ঞানীদের সতর্কবার্তা

ফিলিপাইন, চীন ও তাইওয়ানের আবহাওয়াবিদরা রাগাসাকে “সুপার টাইফুন” হিসেবে চিহ্নিত করেছেন এর তীব্র শক্তি ও ধ্বংসযজ্ঞের কারণে। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানিজ দ্বীপে সোমবার বিকেলে প্রথম আঘাত হানে ঝড়টি, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার। দ্বীপটি তাইওয়ানের পূর্ব উপকূলের কাছাকাছি হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই ঝড় তাইওয়ানে আঘাত হানে।

হংকংয়ে সতর্কতা

টাইফুনের প্রভাবে হংকং ও দক্ষিণ চীন সাগরের উপকূলীয় এলাকায় প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে এখন পর্যন্ত সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি উদ্ধার বাহিনী মোতায়েন করেছে।

উদ্ধার অভিযান চলছে

তাইওয়ানের দমকল বাহিনীর কর্মকর্তা ওয়াং সে-আন জানান, হুয়ালিয়েন জেলার গুয়াংফু গ্রামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামটির এক হাজার বাসিন্দার অনেকেই এখনো ঘরবাড়ির ভেতরে বা পানিবন্দি অবস্থায় আটকা রয়েছেন। নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়াদের উদ্ধারে রাতদিন তৎপর রয়েছে ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.