মরিতানিয়ায় ডিফথেরিয়া প্রাদুর্ভাবে ১৫ জনের মৃত্যু
নওয়াকশট, ৬ অক্টোবর ২০২৫: মরিতানিয়ায় চলতি বছরে ডিফথেরিয়া (খোঁচানি বা গলবসা) রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে এই সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে বলে রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে এখন পর্যন্ত ২০২টি ডিফথেরিয়া সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫৪ জন সুস্থ হয়েছেন, ১৫ জন মারা গেছেন—৭ জন লা’আসাবা প্রদেশে এবং ৮ জন হাওদ আল-ঘারবি প্রদেশে। বর্তমানে ৪১ জন চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ২২ জন হাসপাতালে এবং ১৯ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে দেশটির বাসকুনো এলাকায় প্রথম এই রোগের পুনরাবির্ভাব ঘটে, এবং ২০২৪ সালে পূর্বাঞ্চলীয় ও কুরকুল প্রদেশে একাধিক সংক্রমণ ধরা পড়ে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণকে শিশুদের নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করতে, চলমান টিকাদান কর্মসূচিতে অংশ নিতে এবং জ্বর, গলাব্যথা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।