পাকিস্তানের সীমান্ত হামলায় ২৩ আফগান সেনা নিহত, তিনটি সামরিক চৌকি ধ্বংস
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দুইদিনব্যাপী সামরিক অভিযানে ২৩ জন আফগান সেনা নিহত হয়েছেন। এই সময় চামান সীমান্তে অবস্থিত তিনটি আফগান সামরিক চৌকি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। পাকিস্তান দাবি করেছে, সংঘাতের শুরু হয় আফগান সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে, যারা বেলুচিস্তানের চামান সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ৪৫ মিনিট ধরে সীমান্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার ও ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তিনটি পোস্ট ধ্বংস করে।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আফগান হামলার জবাব দিয়েছে। তালেবান সেনাদের পাল্টা জবাব দিতে না দেয়ার জন্য পরে ভারী অস্ত্র মোতায়েন করা হয়, যার মধ্যে ছিল রকেট লঞ্চার, কামান ও অন্যান্য ভারী অস্ত্র।
এক সূত্র জানিয়েছে, ‘সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই যথাসম্ভব নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে।’
প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে গেলে সেখান থেকে আবার গুলি ছোড়া হয়। এর জবাবে পাকিস্তানি বাহিনীও ওই জনবহুল এলাকায় ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।