২৩৪টি স্মার্টফোনেই বাড়ল মৃত্যুর আগুন! অন্ধ্রের ভয়াবহ বাস দুর্ঘটনায় নতুন তথ্য
অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভোরবেলা ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বেঙ্গালুরুগামী একটি এসি বাসে আগুন ধরে মুহূর্তে তা ভয়ঙ্কর রূপ নেয়। তদন্তে জানা গেছে, বাসটিতে থাকা ২৩৪টি নতুন স্মার্টফোনই আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।
ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে, প্রথমে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগার পর আগুন ধরে যায় বাসে। তেলের ট্যাঙ্কারের ঢাকনা খুলে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তার পরই ফোনগুলির ব্যাটারি একের পর এক বিস্ফোরিত হয়—যা ‘ঘৃতাহুতি’র মতো কাজ করেছে। মুহূর্তে আগুন গ্রাস করে ফেলে গোটা বাসটিকে।
তদন্তকারীরা জানিয়েছেন, হায়দরাবাদের ব্যবসায়ী মঙ্গনাথের মালিকানাধীন ছিল ফোনগুলি, যা বেঙ্গালুরুর এক সংস্থায় পাঠানো হচ্ছিল। অধিকাংশ যাত্রী আগুনের তীব্রতার কারণে বেরোতে পারেননি; কয়েকজন জানালা ভেঙে প্রাণ বাঁচাতে সক্ষম হন।
দমকলের ডিজি পি বেঙ্কটরমণ বলেন, “বাসটি এসি হওয়ায় তার বৈদ্যুতিক ব্যবস্থা আগুন আরও বাড়িয়ে দেয়। এসি ইউনিটেও বিস্ফোরণ ঘটে।” তাপে বাসের অ্যালুমিনিয়াম শিট পর্যন্ত গলে যায়।
এই মর্মান্তিক ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। রাজস্থানের জৈসলমেরের দুর্ঘটনার পর অন্ধ্রে একই ধরনের বাস দুর্ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ছবি: আনন্দবাজার পত্রিকা