বাংলাদেশে ফিরলেন পশ্চিমবঙ্গে আটক ৩১ নাগরিক
ভারত–বাংলাদেশ সীমান্তে ফ্ল্যাগ মিটিংয়ের পর দেশে ফিরলেন পশ্চিমবঙ্গে আটক হওয়া ৩১ জন বাংলাদেশি নাগরিক। সোমবার নদিয়ার গেদে সীমান্ত চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে তুলে দেয়।
বিএসএফ সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্তের বিভিন্ন অঞ্চল থেকে অনুপ্রবেশের অভিযোগে ওই নাগরিকদের আটক করা হয়েছিল। পরে দুই বাহিনীর ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত পাঠানো ৩১ জনের মধ্যে ছিলেন ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা এবং পাঁচজন শিশু। আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলা—ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনি, নোয়াখালি, শেরপুর, মৌলভিবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা এবং চুয়াডাঙার বাসিন্দা।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত নজরদারি ও সমন্বয়ের ফলে এ ধরনের হস্তান্তর প্রক্রিয়া এখন নিয়মিতভাবে চলছে বলে জানানো হয়েছে।
—প্রতিনিধিত্বমূলক ছবি ।