ছত্তিসগড়ে ৩৭ জন মাওবাদীর আত্মসমর্পণ, ২৭ জনের মাথার মূল্য ৬৫ লক্ষ টাকা
ছত্তিসগড়ের দান্তেওয়াড়া এলাকায় রবিবার ৩৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে ২৭ জনের মাথার দাম মোট ৬৫ লক্ষ টাকা। নিরাপত্তা বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ১২ জন মহিলা সহ ৩৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের লক্ষ্য আগামী মার্চ মাসের মধ্যেই মাওবাদী সমস্যা সম্পূর্ণ নির্মূল করা। এই উদ্দেশ্যে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। দান্তেওয়াড়ার পুলিশ সুপারিন্টেনডেন্ট গৌরব রাই জানিয়েছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে অনিতা মাণ্ডবী ওরফে কুমালি, লক্ষ্মী মড়কম ওরফে গীতা, সোমা মাণ্ডবী ওরফে রঞ্জন এবং জাহাজ কালমু উল্লেখযোগ্য। প্রত্যেকের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা।
আত্মসমর্পণকারী প্রত্যেককে পুনর্বাসন ও আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। পুলিশি চাপে মাওবাদীরা একের পর এক আত্মসমর্পণ করছে, যা তাদের মূল স্রোতে ফেরানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মত ওয়াকিবহাল মহলের।
গত মার্চে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’ ঘোষণা করেন, যা মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক সহায়তা ও আইনি সুরক্ষা প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করে।