রুশ হামলায় কিয়েভে নিহত ৭, বিদ্যুৎ ও তাপযোগে বড় ধাক্কা
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার নতুন করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। মঙ্গলবারের এই হামলায় শহরের বিদ্যুৎ ও গরমের সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি আলোচনার মধ্যেই এই হামলা ইউক্রেনকে আরও চাপের মুখে ফেলেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া একদিনেই ৪৬০টির বেশি ড্রোন এবং ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চলতি মাসে কিয়েভে এটি রাশিয়ার দ্বিতীয় বৃহৎ আক্রমণ।
ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, অধিকাংশ ড্রোন এবং প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে। তবুও হামলার তীব্রতায় রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন, যানবাহন ও লজিস্টিকস সেন্টারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, “এই হামলায় রুশ বাহিনীর প্রধান লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো।”
এদিকে, টানা হামলার মধ্যেও ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় নতুন গতি এসেছে। গত কয়েক দিনে একাধিক বৈঠক হয়েছে, যেখানে ইউক্রেন একটি কাঠামোবদ্ধ শান্তি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে।
জেলেনস্কি বলেন, “এখন সবচেয়ে জরুরি বিষয় হলো—সব আন্তর্জাতিক অংশীদারকে ঐক্যবদ্ধ হয়ে কূটনৈতিক চাপ বাড়াতে হবে, যাতে রাশিয়া আলোচনার পথে আসতে বাধ্য হয়।” তিনি সঙ্গে আরও বলেন, কিয়েভের প্রতিরক্ষার জন্য নিরবচ্ছিন্ন অস্ত্র ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ অত্যন্ত জরুরি।