আফগানিস্থানের কুনারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ৭২টি অস্থায়ী শ্রেণিকক্ষ চালু
১৭ সেপ্টেম্বর ২০২৫ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের কুনার প্রদেশে শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য ৭২টি অস্থায়ী শ্রেণিকক্ষ চালু করা হয়েছে। তাবুতে গড়ে তোলা এই শ্রেণিকক্ষগুলোতে পড়াশোনার সুযোগ পাচ্ছে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর শিক্ষার্থীরা।
কুনার শিক্ষা দপ্তরের প্রধান মোহিবুল্লাহ হায়দারি জানান, “ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আমরা ৭২টি শ্রেণিকক্ষ চালু করেছি। এগুলো আপাতত অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। যতদিন এই শিবিরগুলো চালু থাকবে, ততদিন শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে।”
শিক্ষার্থীরা জানান, ঘরবাড়ি ও স্কুল ধসে পড়ার পর প্রায় দুই সপ্তাহ ধরে তারা পড়াশোনা থেকে বঞ্চিত ছিল। নতুন অস্থায়ী শ্রেণিকক্ষ চালু হওয়ায় তারা স্বস্তি পেয়েছে, তবে দ্রুত ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পুনর্নির্মাণের দাবি তুলেছেন।
দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাজবানু বলেন, “ভূমিকম্পে আমাদের ঘরবাড়ি, স্কুল আর মাদ্রাসা সব ধসে গেছে। আত্মীয়স্বজন নিহত ও আহত হয়েছেন। আমরা সবকিছু হারিয়েছি। পনেরো দিন কোনো ক্লাস হয়নি। এখন আবার পড়াশোনা শুরু হওয়ায় আমরা খুশি।”
অন্য এক শিক্ষার্থী খালিদ জানান, “ভূমিকম্পের সময় আমাদের ঘরবাড়ি, স্কুল ও মসজিদ ধসে পড়ে। সব ক্লাস বন্ধ হয়ে যায়। এতে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ উদ্বেগ তৈরি হয়েছিল।”
শিক্ষার্থীরা স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত স্কুলগুলো পুনর্নির্মাণ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য।
এক শিক্ষার্থী সোহেইল বলেন, “যে স্কুলে আমি পড়তাম তা ধসে গেছে। আমার অনুরোধ, আমাদের এলাকায় নতুন স্কুল নির্মাণ করা হোক যাতে আমরা আবার সেখানে পড়াশোনা করতে পারি।”
ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া আজিজুল্লাহ বলেন, “আমাদের সব ধ্বংস হওয়া স্কুলগুলো পুনর্নির্মাণ করা হোক, যাতে শিশুরা নিজেদের স্কুলেই শিক্ষা চালিয়ে যেতে পারে।”
কুনার শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভূমিকম্পে ২৭২ শিক্ষার্থী ও চারজন শিক্ষক নিহত হয়েছেন, আর ৮৮২ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক আহত হয়েছেন। এ ছাড়া ৩০৬টি শিক্ষা ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।