দক্ষিণ গাজায় বন্যার উচ্চ ঝুঁকিতে বাস্তুচ্যুত নয় লাখ মানুষ
দক্ষিণ গাজায় আশ্রয়হীন প্রায় নয় লাখ মানুষের উপর আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার ও শনিবার অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত ও হঠাৎ তৈরি হওয়া বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।
খান ইউনিস পৌরসভার মুখপাত্র সায়েব লাক্কান জানান, উপকূলীয় এলাকায় হাজার হাজার অস্থায়ী আশ্রয়স্থল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ধারাবাহিক ইসরাইলি হামলায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বৃষ্টির পানি ধরে রাখার খাল-নালা মাটিতে ভরাট হয়ে গেছে, যা সম্ভাব্য বন্যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।
লাক্কানের মতে, রাস্তাঘাট, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ৮৫ শতাংশেরও বেশি ধ্বংস হয়ে যাওয়ায় পুরো শহর কার্যত অচল হয়ে পড়েছে।
তিনি জানান, প্রায় দুই লাখ দশ হাজার মিটার সড়ক, তিন লাখ মিটার পানির পাইপলাইন এবং এক লাখ বিশ হাজার মিটার পয়ঃনিষ্কাশন লাইন নষ্ট হয়ে গেছে।
জ্বালানি সংকটের কারণে পয়ঃনিষ্কাশন স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে, যা বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে।
লাক্কান জানান, যুদ্ধবিরতির পর থেকে পৌর কর্তৃপক্ষ মাত্র ১৬ লিটার ডিজেল পেয়েছে—যা দিয়ে মাত্র তিন দিনের মতো কাজ চালানো সম্ভব।
তিনি আরও বলেন, শহরের দুই হাজার দুই শো বৃষ্টির পানি নিষ্কাশন ড্রেনের মধ্যে এক হাজার নয় শোটি অকেজো হয়ে গেছে।
ঝড়ের সময় শহরকে রক্ষায় জরুরি ভিত্তিতে মোবাইল পাম্প ও বাড়তি সরঞ্জাম প্রয়োজন বলে তিনি জানান।
ছবি: সংগৃহীত