Tranding
মধ্যপ্রাচ্য / November 18, 2025

গাজা যুদ্ধের পর ইসরায়েলের আটক কেন্দ্রে ৯৮ ফিলিস্তিনির মৃত্যু: আন্তর্জাতিক তদন্তের দাবি

ইসরায়েলের মানবাধিকারসংক্রান্ত চিকিৎসকদের সংগঠন ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস–ইসরায়েল’ জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি আটক কেন্দ্রে কমপক্ষে ৯৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, এসব বন্দি নির্যাতন, চিকিৎসা–অবহেলা ও অমানবিক আচরণের শিকার হয়েছেন। সংগঠনটি ঘটনাগুলোর বিষয়ে আন্তর্জাতিক তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে।

‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডসদৃশ অবস্থা: ইসরায়েলি আটক কেন্দ্রগুলোর বাস্তবতা’ শিরোনামের রিপোর্টে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৪৬ জন ইসরায়েলি কারা কর্তৃপক্ষের অধীনস্থ কেন্দ্রে এবং ৫২ জন সামরিক আটক কেন্দ্রে মারা গেছেন। সকলেই গাজা উপত্যকার বাসিন্দা।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে ঘোষিত গাজায় যুদ্ধবিরতির পরও এসব কেন্দ্রগুলোতে অমানবিক আচরণের ধারা অব্যাহত ছিল। সংগঠনটি মৃত্যুর সংখ্যা ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করে জানিয়েছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সংগঠনের দাবি, প্রাপ্ত প্রাথমিক চিকিৎসা প্রতিবেদন ও ময়নাতদন্তের তথ্য থেকে দেখা গেছে, নিহতদের শরীরে মস্তিষ্ক ও মাথায় আঘাত, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, পাঁজরের হাড় ভাঙা, তীব্র অপুষ্টি, এবং জরুরি চিকিৎসা থেকে বঞ্চনার মতো গুরুতর নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

প্রতিবেদনের সুপারিশে ইসরায়েলের ওপর আন্তর্জাতিকভাবে স্বাধীন তদন্ত শুরু করে মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, সব ধরনের আটক প্রক্রিয়া ইসরায়েলি ও আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হয়। তিনি বন্দিদের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, কিছু মৃত্যু পূর্ববর্তী রোগ বা পুরোনো আঘাতের কারণে ঘটেছে। প্রতিটি ঘটনার জন্য সামরিক পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষও অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা আইনগত কাঠামোর মধ্যেই কাজ করে এবং বন্দিদের অধিকার নিশ্চিত করে। মৃত্যুর প্রতিটি ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে। তারা জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির সঙ্গে সাম্প্রতিক সহযোগিতার কথাও তুলে ধরেছে।

৭ অক্টোবর ২০২৩ হামাস-নেতৃত্বাধীন আক্রমণের পর থেকে ফিলিস্তিনিদের আটক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার উদ্বেগ প্রকাশ করছে। গাজায় তীব্র যুদ্ধ চলতে থাকা অবস্থায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে তাদের অভিযোগ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.