গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৯৯ ফিলিস্তিনি
গাজা শহর ও উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় মাত্র একদিনে ৯৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে শুধু উত্তর গাজা থেকেই ৭৭ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসা সূত্রের বরাতে জানানো হয়েছে, মৃতদেহগুলো বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ৪৮ জনের লাশ পৌঁছেছে শিফা হাসপাতালে, ২০ জনকে নেওয়া হয় আহলি আরব (আল-মামদানি) হাসপাতালে, ৬ জনকে জেরুজালেম হাসপাতালে, ৩ জনকে স্যারায়া হাসপাতালে, ৩ জনকে আল-আউদা হাসপাতালে, একজনকে শহীদ আল-আকসা হাসপাতালে এবং ১৮ জনকে নাসের হাসপাতালে আনা হয়েছে।সূত্রগুলো জানায়, হামলার লক্ষ্যবস্তুতে ছিল উদ্বাস্তু শিবির, বসতবাড়ি, বহুতল আবাসন, এমনকি সাহায্যের অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ভিড়ও।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার ভেতর থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে একটি “অস্থায়ী করিডর” খোলা হয়েছে। তবে গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও স্থল অভিযানের তীব্রতা আরও বেড়েছে।জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একাধিকবার ইসরায়েলের এই অভিযানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। তবু টানা বোমাবর্ষণ অব্যাহত রয়েছে।
গত প্রায় দুই বছরে গাজায় চলমান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি। সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের হামলাকে “গণহত্যা” আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তির কিছু ধারা স্থগিত রাখার প্রস্তাব করেছে এবং ইসরায়েলি পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আভিভ সরকার।