বন্ডাই বিচে হামলার সময় সাহসিকতার দৃষ্টান্ত, অস্ত্র কেড়ে নিয়ে বহু প্রাণ বাঁচালেন আহমেদ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব ‘হানুকা’ উদ্যাপনের সময় ভয়াবহ সশস্ত্র হামলার মধ্যে এক সাধারণ নাগরিকের অসামান্য সাহসিকতা দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে। ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হন।
ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পার্কিং এলাকায় এক ব্যক্তি আচমকা বন্দুকধারীর দিকে দৌড়ে যান। পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে তিনি হামলাকারীর হাত থেকে বন্দুক কেড়ে নেন। এর ফলে বন্দুকধারী ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই অস্ত্রটি নিষ্ক্রিয় হয়ে পড়ে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলির তথ্য অনুযায়ী, ওই সাহসী ব্যক্তির নাম আহমেদ আল-আহমেদ। তার বয়স ৪৩ বছর। তিনি সিডনির বাসিন্দা এবং সাদারল্যান্ড এলাকায় একটি ফলের দোকানের মালিক। দুই সন্তানের বাবা আহমেদ এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার সময় নিজেও গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়। বহু মানুষ মন্তব্য করেন, আহমেদের এই তাৎক্ষণিক সাহসিকতার কারণেই আরও বড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। অনেকেই তাকে “সাধারণ মানুষের নায়ক” বলে অভিহিত করছেন।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুই সন্দেহভাজনের মধ্যে একজন নিহত হয়েছে এবং অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পূর্ণ তদন্ত চলছে।
এদিকে, এই হামলার ঘটনায় আন্তর্জাতিক স্তরেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দেশের নেতারা সহিংসতার নিন্দা জানিয়েছেন এবং অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে ঘৃণাজনিত অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সাধারণ মানুষের সাহস যে কখনও কখনও ইতিহাস বদলে দিতে পারে—বন্ডাই বিচের ঘটনায় তা আর একবার প্রমাণিত হলো।
ছবি: সংগৃহীত