নিউটাউনের ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে
কলকাতার নিউটাউনে ইকো পার্ক সংলগ্ন ঘুনি বস্তিতে বুধবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক ঝুপড়িতে। অগ্নিকাণ্ডের জেরে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
খবর পেয়ে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আসায় পরে আরও পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়। দমকলকর্মীদের পাশাপাশি আগুন নেভানোর কাজে সহায়তা করেন স্থানীয় বাসিন্দারাও। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকল সূত্রে জানা গিয়েছে, বস্তির ঝুপড়িগুলিতে বাঁশ, ত্রিপলসহ দাহ্য সামগ্রীর পরিমাণ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি, বস্তির ভেতরের রাস্তা সরু ও ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হয়, ফলে প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আগুন লাগার পর কয়েকবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। দমকল কর্তৃপক্ষও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
ঘুনি বস্তিতে বহু মানুষের বসবাস ছিল। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে তীব্র শীতের মধ্যে অনেক পরিবারই মাথার ছাদ হারিয়েছেন। দমকলকর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ছবি: সংগৃহীত