কলকাতার বানতলায় প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, মোতায়েন দমকলের একাধিক ইঞ্জিন
ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। সোমবার রাতে পূর্ব কলকাতার বানতলা এলাকার লালকুঠিতে একটি প্লাস্টিক কাঁচামালের গোডাউনে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল শেষ খবর পাওয়া পর্যন্ত।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক ৯টা নাগাদ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, কারণ সেখানে প্রচুর দাহ্য সামগ্রী মজুত ছিল। আগুনের জেরে আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুন কী কারণে লেগেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়ার গতিবেগ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে তপসিয়া, বড়বাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট ও আনন্দপুর এলাকাতেও অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।