জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে ফারাক্কায় শান্তি, সংহতি ও সুবিচার বিষয়ক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে
নিজস্ব প্রতিনিধি: জামাআতে ইসলামী হিন্দ-এর আহ্বানে মুর্শিদাবাদের ফারাক্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল জনসভা, যার মূল প্রতিপাদ্য "শান্তি, সংহতি ও সুবিচার"। আগামী শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, বিকেল ৩টা ৪৫ মিনিটে ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজ মাঠে এই মহতী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এই জনসভার মাধ্যমে দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আয়োজকরা জানিয়েছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সংহতি বজায় রাখা এবং সুবিচারের সুনিশ্চিত করাকে কেন্দ্র করেই সভার মূল বক্তব্য উপস্থাপন করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাআতে ইসলামী হিন্দ-এর আমীর ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের ভাইস প্রেসিডেন্ট জনাব সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী সাহেব।
এছাড়াও সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন—
জনাব প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সেলিম সাহেব, সহ-সভাপতি, জামাআতে ইসলামী হিন্দ
জনাব টি. আরিফ আলি সাহেব, সর্বভারতীয় সাধারণ সম্পাদক
জনাব মাওলানা আব্দুর রফিক সাহেব, কেন্দ্রীয় সম্পাদক
ডাঃ রইসুদ্দীন সাহেব, প্রাক্তন আমীরে হালকা, পশ্চিমবঙ্গ
ডাঃ মসিহুর রহমান সাহেব, বর্তমান আমীরে হালকা, পশ্চিমবঙ্গ
মুহতারমা মঞ্জুরা খাতুন, সেক্রেটারী, পশ্চিমবঙ্গ শাখা
আয়োজকরা জানান, আজকের সমাজে শান্তি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। ধর্মের নামে বিভেদ, বিদ্বেষ ও হিংসা বন্ধ করে মানবিক ঐক্য ও সুবিচার প্রতিষ্ঠা করাই এই সভার মূল বার্তা।
ভারতীয় সংবিধান যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত করার কথা বলেছে, সেখানে প্রত্যেক নাগরিকের উচিত হবে এই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বাস্তব জীবনে তা বাস্তবায়ন করা।
সভায় ধর্মীয় মূল্যবোধ, মানবিক জাগরণ এবং ঐশী পথনির্দেশনার আলোকে সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে।
সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে যেন তাঁরা এই শান্তিপূর্ণ উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেন।