মস্কোর কাছে সামরিক কার্গো বিমান ভেঙে পড়ল, সাতজন ক্রু সদস্যের মৃত্যু
রাশিয়ার মস্কোর উত্তর–পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় পড়ে সাতজন ক্রু সদস্যের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার ইভানোভো অঞ্চলের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটি এএন–২২ মডেলের সামরিক ট্রান্সপোর্ট বিমান, যা সাধারণত কার্গো পরিবহনের কাজে ব্যবহার করা হয়। সম্প্রতি বিমানটির ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। প্রয়োজনীয় মেরামত শেষে সেটিকে পরীক্ষামূলক উড্ডয়নে পাঠানো হয়। ওই সময়ই বিমানটিতে মোট সাতজন ক্রু সদস্য ছিলেন।
উড্ডয়নের পর কিছু দূর এগোতেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ইভানোভো জেলার একটি জনশূন্য জায়গায় আছড়ে পড়ে। ফলে বিমানের বাইরে অন্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী বাহিনী দ্রুত সেখানে পৌঁছে তল্লাশি চালালেও কাউকে জীবিত পাওয়া যায়নি।