হাড়োয়ায় জমিয়তে উলামায়ে বাংলার থানা সম্মেলনে নতুন কমিটি গঠিত
হাড়োয়া, উত্তর ২৪ পরগনা: জমিয়তে উলামায়ে বাংলার হাড়োয়া থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বোয়াল ঘাটা জামিয়া হাক্কানিয়া মাদ্রাসার সভাকক্ষে। উক্ত সম্মেলনে নবীন ও প্রবীণ উলামায়ে কেরামের সমন্বয়ে ৫৫ সদস্য বিশিষ্ট একটি নতুন থানা কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে বাংলার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা মুফতী আজমাতুল্লা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও বিশিষ্ট চিকিৎসক ডা. কবির আহমেদ, উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম, জামিয়া হাক্কানিয়ার মুহতামিম ও জমিয়তে উলামায়ে বাংলার শাসন থানা কমিটির সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জিয়াউল হক, হাড়োয়া ফেরিঘাট জামে মসজিদের পেশ ইমাম ও শাসন থানা কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ্ব হাফেজ মাহিরুল ইসলাম, শালিপুর হাইস্কুলের শিক্ষক মাওলানা ইসরাইল মোল্লা এবং হাদিপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিবুল ইসলামসহ আরও অনেকে।
সম্মেলনে বক্তারা ইসলামী শিক্ষা, সমাজ সংস্কার ও দেশের সার্বিক কল্যাণে উলামায়ে কেরামের ভূমিকা নিয়ে মূল্যবান আলোচনা করেন। নবগঠিত কমিটির সদস্যরা জমিয়তের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।