তুরস্কে রাশিয়ায় নির্মিত ড্রোন বিধ্বস্ত, তদন্ত শুরু
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কোকায়েলি প্রদেশে রাশিয়ার তৈরি একটি মানবহীন ড্রোন বিমান (ইউএভি) বিধ্বস্ত অবস্থায় উদ্ধার হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিউবুকলুবালা এলাকায় ড্রোনটি পাওয়া যায় এবং এটি রাশিয়ার তৈরি ‘ওরলান-১০’ মডেলের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া ড্রোনটি সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহৃত হয়ে থাকে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে ড্রোনটি তুরস্কের ভূখণ্ডে এসে পড়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ড্রোনটি বুধবার বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ড্রোনটির গায়ে ক্ষতির চিহ্ন রয়েছে। তবে এটি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
উল্লেখযোগ্য যে, এর কয়েক দিন আগেই কৃষ্ণ সাগর এলাকা দিয়ে তুরস্কের আকাশসীমায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রবেশ করা আরেকটি ড্রোনকে ভূপাতিত করেছিল তুর্কি বাহিনী। সাম্প্রতিক এই ঘটনাগুলো দেশটির নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সম্প্রতি কৃষ্ণ সাগর অঞ্চলকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি সংঘাতের ময়দান হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে একাধিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
গত সপ্তাহে ইউক্রেনের বন্দরনগরী ওডেসার কাছে রাশিয়ার বিমান হামলায় একটি তুর্কি মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার কয়েক ঘণ্টা আগেই তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান।