বিহারে এক টাকায় ১০৫০ একর জমি আদানীকে লিজ: ডবল ইঞ্জিন নাকি ‘ডবল লুট’ সরকার?
বিহারে ১০৫০ একর জমি মাত্র এক টাকার বিনিময়ে ৩৩ বছরের জন্য আদানি গ্রুপকে লিজ দেওয়া হয়েছে বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য—এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি বলেন, এই প্রকল্প থেকে উৎপন্ন বিদ্যুৎ আদানি গ্রুপ বিক্রি করবে প্রতি ইউনিট ৬ টাকা ৭৫ পয়সা দরে, যা সাধারণ মানুষের জন্য একটি অতিরিক্ত চাপ।
পবন খেরা এও দাবি করেন, প্রকল্প বাস্তবায়নে ১০ লক্ষ গাছ কাটার অনুমতি আদানি গ্রুপকে দেওয়া হয়েছে। কংগ্রেস এই পদক্ষেপকে ‘ডবল ইঞ্জিন নয়, ডবল লুট সরকার’-এর প্রমাণ বলে অভিহিত করেছে।
উল্লেখ্য, এই প্রকল্পে ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মোট বাজেট ২১,৪০০ কোটি টাকা।
ভাগলপুরে প্রধানমন্ত্রীর জনসভার আগে জমিহারা কৃষকদের বিক্ষোভ দমাতে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানা যায়। রাজ্য বাজেটে পূর্বে এই বিদ্যুৎকেন্দ্র রাজ্য সরকারের প্রকল্প হিসেবে উল্লেখ থাকলেও, এখন তা আদানি গ্রুপকে হস্তান্তর করা হয়েছে।
সমালোচকরা বলছেন, গাছ কাটা, কৃষিজমি লিজ, ও বেশি দামে বিদ্যুৎ বিক্রির ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে এবং এর ফলে সরকারের পক্ষপাতিত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।