ওমানে আটকা ১১ পরিযায়ী শ্রমিককে দেশে ফিরানোর দাবি অধীর চৌধুরীর
অনলাইন, বঙ্গ দর্পণ:মুর্শিদাবাদ, ১৫ সেপ্টেম্বর: ওমানে আটকা পড়া মুর্শিদাবাদের ১১ জন পরিযায়ী শ্রমিককে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি চিঠি লিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের বিদেশমন্ত্রী জয় শঙ্কর উভয়কে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন। চিঠিতে অধীর চৌধুরী জানান, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের শ্রমিকদের মোটা বেতনের আশ্বাসে ওমানে পাঠানো হয়েছিল। কিন্তু বর্তমানে তাদের কাজের সুযোগ না দিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি আরও বলেন, এই শ্রমিকদের মধ্যে আছেন মুস্তাফা শেখ, ছোট মুর্মু সহ আরও ৯ জন। তাদের ১০ ঘন্টার কাজের শিফটের বদলে ১৫–২২ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হয়েছে, এবং খাওয়া-দাওয়া, চিকিৎসা সহ অন্যান্য মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অধীর চৌধুরী অভিযোগ করেন, যে এজেন্সি শ্রমিকদের পাঠিয়েছিল, তারা তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে সরকারি বাসস্থান থেকে বের করে দিয়েছে। বর্তমানে শ্রমিকরা একটি মসজিদে আশ্রয় নিয়ে খাবার সংগ্রহ করে বেঁচে থাকছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিদেশমন্ত্রী দ্রুত উদ্যোগ গ্রহণ করে এই শ্রমিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনবেন। চিঠিতে তিনি লিখেছেন, “মুর্শিদাবাদের এই শ্রমিকরা, যারা ভালোভাবে জীবিকা নির্বাহের আশায় বিদেশে গিয়েছিলেন, বর্তমানে চরম দুর্দশার মধ্যে রয়েছেন। তাদের নিজ দেশে ফিরিয়ে আনার জন্য আপনার সদিচ্ছা কাজে লাগান।” ওমানে আটকে থাকা শ্রমিকরাও ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাদের বকেয়া বেতন ও পাসপোর্ট ফেরতের জন্য আবেদন জানিয়েছেন।