আফগান বিদেশমন্ত্রী ভারতে, জয়শঙ্কর ও অজিত ডোভালের সঙ্গে বৈঠক করবেন
কলকাতা, ৯ অক্টোবর ২০২৫: ছ’দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এলেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। প্রায় চার বছর আগে আফগানিস্তানের দখল নেয় তালিবানরা। এর পর এই প্রথম বার ভারত সফরে এলেন তালিবান বিদেশমন্ত্রী।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করবেন। সফরের সময় তিনি তাজমহল এবং উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করবেন।
ভারতের সঙ্গে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে। যদিও আফগানিস্তানের তালিবান সরকার এখনও রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পায়নি, ভারত তাদের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করেনি।
গত মাসে মুত্তাকির ভারত সফর বাতিল হয়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে। পরে ছয় দিন পর্যন্ত সফরের অনুমতি দেওয়া হয়।
ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক আশরাফ গনির আমলে শক্তিশালী ছিল, কিন্তু ২০২১ সালে মার্কিন সেনা সরে যাওয়ার পর তালিবান কাবুল দখল করে। ভারত এখনও তালিবানকে স্বীকৃতি না দিলেও, কাবুলে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দিচ্ছে।
ছবি :আনন্দবাজার