জেন-জি বিক্ষোভে প্রকম্পিত আফ্রিকা
ভারত মহাসাগর থেকে সাহারা মরুভূমি পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ চলছে। বছরের পর বছর সরকারি অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদরত এই তরুণদের অধিকাংশই ২৮ বছরের কম বয়সি, যারা ‘জেনারেশন জেড’ নামে পরিচিত।
পূর্ব আফ্রিকার দ্বীপ দেশ মাদাগাস্কারে পানি ও বিদ্যুৎ সংকটের কারণে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোইলিনা এক সপ্তাহের মধ্যে তার সরকার ভেঙে দেন। তবুও ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা ২০০৯ সাল থেকে ক্ষমতাসীন রাজোইলিনার পদত্যাগের দাবি জানাচ্ছেন।
মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর ২১ বছর বয়সি মেডিকেল শিক্ষার্থী ফানিলো জানান, বিক্ষোভের শুরুতে তারা শান্তিপূর্ণভাবে ফুল ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করলেও নিরাপত্তা বাহিনী তাঁদের উপর তীব্র হামলা চালায়। প্রথমে টিয়ারগ্যাস ছোড়া হয়, পরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়, এবং অন্তত ২২ জন নিহত হন।
বিক্ষোভকারীরা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সংযুক্ত হয়েছেন। তাঁদের প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে জাপানি এনিম সিরিজ ‘ওয়ান পিচ’-এর একটি কার্টুন চিত্র, যেখানে জলদস্যুরা এক উৎপীড়ক সরকারের সঙ্গে লড়াই করে।
শুধু মাদাগাস্কার নয়, কেনিয়া, টেগো, মরক্কোসহ পশ্চিম ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশেও তরুণরা রাস্তায় নেমে সরকারবিরোধী বিক্ষোভ চালাচ্ছেন। কিছু ক্ষেত্রে পার্লামেন্টে আগুন দেওয়া এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের দাবি, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজনের খরচের বদলে স্বাস্থ্য ও শিক্ষায় নজর দেওয়া হোক।