মার্কিন সফরের শেষে সৌদি–মার্কিন যৌথ ঘোষণা: সব খাতে বিস্তৃত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফর শেষে রিয়াদ ও ওয়াশিংটন এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। দুই দেশই দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র দুই দেশই আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। উভয় পক্ষ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা প্রেক্ষাপট এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে—
কৌশলগত প্রতিরক্ষা চুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তায় কৌশলগত অংশীদারত্ব
বেসামরিক পারমাণবিক শক্তি সহযোগিতা বিষয়ে আলোচনার সমাপ্তির যৌথ ঘোষণা
ইউরেনিয়াম, খনিজ, মেগনেট এবং গুরুত্বপূর্ণ ধাতুর সরবরাহশৃঙ্খলা সুরক্ষায় সহযোগিতা কাঠামো
সৌদি বিনিয়োগ দ্রুততর করতে প্রক্রিয়া সহজীকরণের কর্মপরিকল্পনা
আর্থিক ও অর্থনৈতিক খাতে অংশীদারত্ব
মার্কিন ফেডারেল যানবাহন নিরাপত্তা মানদণ্ড পারস্পরিক স্বীকৃতি
শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সমঝোতা স্মারক
এছাড়া 'সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরাম'-এ দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে প্রায় ২৭০ বিলিয়ন ডলার সমমূল্যের বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
যৌথ ঘোষণায় দুই দেশ ভবিষ্যতেও সর্বক্ষেত্রে কৌশলগত সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।