Tranding
রাজ্যের খবর / September 23, 2025

আলিয়ায় পড়ুয়াদের বিক্ষোভ মিছিল: ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টারে এফআইআর-এর প্রতিবাদ

কলকাতা, সোমবার — ‘আই লাভ মুহাম্মদ’ লেখা পোস্টার টাঙানোর অভিযোগে উত্তরপ্রদেশের সৈয়দনগরে মুসলিম যুবকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

সোমবার দুপুরে তালতলা ক্যাম্পাস থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন (এমএসইউ)-এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হয়। এস.এন. ব্যানার্জি রোড হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন এমএসইউ-এর মুখপাত্র আব্বাসউদ্দিন সরদার, সদস্য আবু জাফর মোল্লা, সাইদুল ইসলাম, এবাদুল্লাহ মল্লিক, হাবিবুর রহমান, মেহেরাব মোল্লা প্রমুখ। ছাত্রীদের মধ্যে জাহানারা খাতুন, সানিয়া পারভিনসহ বহুজন যোগ দেন।

বিক্ষোভকারীরা জানান, “নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ অপরাধ নয়। এটি নাগরিকদের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত।” তাঁদের দাবি, অবিলম্বে এই এফআইআর প্রত্যাহার করতে হবে।

এমএসইউ-এর অন্যতম সদস্য আবু জাফর মোল্লা বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের পথ রুদ্ধ করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।” একই সুরে ছাত্রী জাহানারা জানান, দ্রুত এফআইআর তোলা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দনগরে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা সাইনবোর্ড লাগানোর কারণে ২৫ জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে।

বিশিষ্ট মহলের মতে, এ ধরনের মামলা শুধু ভিত্তিহীনই নয়, বরং এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও প্রশাসনের প্রতি মানুষের আস্থাকেও দুর্বল করছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.