রাইটার্স ভবনে অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবিপত্র পেশ
আজ, বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫), অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল ৩৩৮টি অনুমোদিত আন-এডেড মাদ্রাসার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মাননীয় ডঃ আব্দুস সাত্তার সাহেবের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এই বৈঠকে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। মাননীয় উপদেষ্টা ডঃ আব্দুস সাত্তার সাহেব সংগঠনের দাবিগুলি গুরুত্ব সহকারে শোনেন এবং তা মুখ্যমন্ত্রীর কাছে ফরওয়ার্ড করেন। তিনি আশ্বাস দেন যে, মাদ্রাসাগুলির সমস্যা ও দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সংগঠনের পক্ষ থেকে ডঃ আব্দুস সাত্তার সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হয়, যাতে অতি দ্রুত দাবি সমূহ পূরণ করা হয় তার জন্য জোরালো দাবি জানানো হয়
অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল দাবি সমূহ—
১) সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের বেতন দ্রুত প্রদান করতে হবে।
২) সরকার ঘোষিত বিদ্যালয়গুলির মতো এই মাদ্রাসাগুলির ছাত্রছাত্রীদেরও সমস্ত সরকারি সুযোগ-সুবিধা দিতে হবে।
৩) পরিকাঠামো উন্নয়নের স্বার্থে আন-এডেড মাদ্রাসাগুলিকে অবিলম্বে বিল্ডিং গ্রান্ট প্রদান করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপরোক্ত দাবি সমূহ দ্রুত মঞ্জুর না হলে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন।
আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মোঃ সামিউল ইসলাম, আহ্বায়ক মৌলানা সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার গোলদার, কার্যকরী সভাপতি শেখ কামরুল হক, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন মন্ডল, ডঃ তাইয়োব আহমেদ প্রমুখ।