Tranding
রাজ্যের খবর / January 29, 2026

এসআইআর নথি আপলোডে অনিয়মের অভিযোগ, শাস্তির মুখে পড়তে পারেন ইআরও-এইআরওরা

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানিতে জমা পড়া নথি অনলাইনে আপলোড করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের নজরে এসেছে, কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ভুল নথি আপলোড করা হয়েছে। এই অভিযোগের আঙুল উঠেছে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (এইআরও) বিরুদ্ধে।

এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন একাধিক বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে। তাঁদের পর্যবেক্ষণেই একাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার সংক্রান্ত নথিতে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের নাম-সহ বিস্তারিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকদের দাবি, কিছু ক্ষেত্রে শুনানিতে যাচাই হওয়া নথির সঙ্গে ওয়েবসাইটে আপলোড হওয়া নথির মিল নেই। যেমন, একটি বিধানসভা কেন্দ্রে এক ভোটারের ক্ষেত্রে যাচাইকৃত নথি হিসেবে পাসপোর্টের উল্লেখ থাকলেও অনলাইনে আপলোড করা হয়েছে আধার ও প্যান কার্ডের ছবি। এমনকি ভোটারের আলাদা ছবি তোলার বিষয়েও প্রশ্ন উঠেছে। পর্যবেক্ষকদের মতে, এই ধরনের ভুল নিছক অসাবধানতা নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, জমা পড়া অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে ভুল ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তবে সংশ্লিষ্ট ইআরও বা এইআরওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও বহু ভোটারের তথ্য যাচাই বাকি রয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছিল, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, সেই সময়সীমা কিছুটা পিছোতে পারে।

এদিকে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও একযোগে চলছে এসআইআর কার্যক্রম। গ্রাম থেকে শহর—সব জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন বুথ স্তরের আধিকারিকরা। কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

ছবি: সংগৃহীত। 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.