Tranding
জেলার খবর / January 30, 2026

সন্দেশখালিতে হাজার হাজার বৈধ নাগরিককে ‘Not Indian Citizen’ ঘোষণার অভিযোগ, এলাকা পরিদর্শনে জামাতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল

কুদ্দুস আলি মোল্লা,উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ব্লকের বয়ারমারী গ্রামে হাজার হাজার বৈধ নাগরিকের নামের পাশে ‘Not Indian Citizen’ উল্লেখ করে তালিকা টাঙানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে আরও জানানো হয়েছে, তালিকায় কয়েকজন জীবিত মানুষকেও মৃত হিসেবে দেখানো হয়েছে।

গত ২৮ তারিখ এই সংক্রান্ত একাধিক অভিযোগ ফোনের মাধ্যমে জামাতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গের কাছে পৌঁছালে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বয়ারমারী এলাকা পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সুজাউদ্দিন আহমেদ, সাবির আলী, ওসমান গণি ও আব্দুল কুদ্দুস।

পরিদর্শনের সময় প্রতিনিধি দল জানতে পারে, উদ্দেশপ্রণোদিতভাবে কিছু দুষ্কৃতি নির্বাচন কমিশনে ফর্ম ৭ জমা দিয়ে হাজার হাজার বৈধ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর ফলে বয়ারমারী এলাকায় প্রায় ২২০০-রও বেশি মানুষের নাম ‘Not Indian Citizen’ হিসেবে তালিকাভুক্ত করে প্রকাশ্যে টাঙানো হয়েছে। শুধু বয়ারমারী নয়, গোটা সন্দেশখালি ব্লকে এই সংখ্যা ৭৫০০ ছাড়িয়েছে বলেও জানা গেছে।

প্রতিনিধি দল অভিযোগভুক্ত বহু মানুষের নথিপত্র পরীক্ষা করে জানায়, প্রত্যেকের কাছেই জন্মসূত্রে ও বসবাসসংক্রান্ত বৈধ কাগজপত্র রয়েছে এবং তাঁরা কয়েক পুরুষ ধরে ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

জামাতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিরুদ্ধে শীঘ্রই প্রয়োজনীয় আইনগত লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হবে এবং বৈধ নাগরিকদের অধিকার রক্ষায় সমস্ত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.