সন্দেশখালিতে হাজার হাজার বৈধ নাগরিককে ‘Not Indian Citizen’ ঘোষণা করার অভিযোগ, এলাকা পরিদর্শনে জামাতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল
সন্দেশখালি ব্লকের অন্তর্গত বয়ারমারী গ্রামে হাজার হাজার বৈধ নাগরিকের নামের পাশে ‘Not Indian Citizen’ উল্লেখ করে তালিকা টাঙানো হয়েছে—এমন গুরুতর অভিযোগ সামনে এসেছে। গতকাল, ২৮ তারিখ, ওই এলাকা থেকে একাধিক ফোনের মাধ্যমে এই তথ্য জামাতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গের কাছে পৌঁছায়। অভিযোগে আরও জানানো হয়, তালিকায় কিছু জীবিত মানুষকেও মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই খবর পাওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে জামাতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বয়ারমারী এলাকা পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সুজাউদ্দিন আহমেদ, সাবির আলী, ওসমান গণি ও আব্দুল কুদ্দুস।
পরিদর্শনের সময় প্রতিনিধি দল জানতে পারে, উদ্দেশপ্রণোদিতভাবে কিছু দুষ্কৃতি নির্বাচন কমিশনে ফর্ম ৭ জমা দিয়ে হাজার হাজার বৈধ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এর ফলস্বরূপ সন্দেশখালি ব্লকের বয়ারমারী এলাকায় প্রায় ২২০০-রও বেশি মানুষের নামের তালিকা ‘Not Indian Citizen’ হিসেবে প্রকাশ্যে টাঙানো হয়েছে। শুধু বয়ারমারী নয়, গোটা সন্দেশখালি ব্লকে মোট ৭৫০০-রও বেশি মানুষের নাম এই ধরনের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা যায়।
প্রতিনিধি দল অভিযোগভুক্ত বহু মানুষের নথিপত্র খতিয়ে দেখে জানায়, প্রত্যেকের কাছেই জন্মসূত্রে ও বসবাসসংক্রান্ত সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে এবং তারা কয়েক পুরুষ ধরে ওই এলাকারই স্থায়ী বাসিন্দা।
জামাতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত লড়াইয়ের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে এবং বৈধ নাগরিকদের অধিকার রক্ষায় সমস্ত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
#SIR
#JIHWB
#sirhearing
#CEOWestBengal
#ElectionCommission