Tranding
জেলার খবর / February 3, 2026

দেগঙ্গায় ‘আলোক ও আরোগ্য’ কর্মসূচি: তিন শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা

বঙ্গদর্পণ, দেগঙ্গা: ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল এবং চাঁদপুর এন, এস–ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা-২ ও হাদিপুর ঝিকরা-১ গ্রাম-পঞ্চায়েত এলাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘আলোক ও আরোগ্য’ স্বাস্থ্য কর্মসূচি। হাদিপুর পীর গোরাচাঁদ জুনিয়র হাই মাদ্রাসা ও পীর গোরাচাঁদ হাফেজিয়া মাদ্রাসার সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

কলকাতা হেলথ ক্লাব, মাড়োয়ারি রিলিফ সোসাইটি, আর-আহমেদ ডেন্টাল হসপিটাল ও নবদিশার সার্বিক সহায়তায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। ক্যাম্পে এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড চোখ পরীক্ষা, মোবাইল মেডিকেল বাস পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা বিতরণ করা হয় এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ অন্যান্য অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাদিপুর পীর গোরাচাঁদ জুনিয়র হাই মাদ্রাসার সম্পাদক মাওলানা মহিউদ্দিন সাহেব এবং বিশিষ্ট সমাজসেবী ও মাদ্রাসা পরিচালক সমিতির সভাপতি মোঃ আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন কলকাতা হেলথ ক্লাবের ডিরেক্টর ডঃ সোমা মুখার্জী, আয়োজক সংস্থার কর্ণধার সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ্ব ডঃ ফিরোজ উদ্দিন মোহাম্মাদ শফী, মাড়োয়ারি রিলিফ সোসাইটির চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সমাজসেবী আলহাজ্ব ডঃ কবীর আহমেদ, চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সহ-সম্পাদক মিনহাজ উদ্দিন, চাঁদপুর এন, এস–ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রউফ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল হামিদ পল্টু, পঞ্চায়েত সদস্য হাফিজুর রহমান-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী।

চাঁদপুর এন, এস–ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তৃতীয় দিনের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক গরিব ও দুঃস্থ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। দেগঙ্গা এলাকার প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ায় ‘আলোক ও আরোগ্য’ কর্মসূচির জন্য চাঁদপুর এন, এস–ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাদিপুর পীর গোরাচাঁদ জুনিয়র হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নুরুদ্দিন এবং হাফেজ মোঃ মনিরুজ্জামান।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.