Tranding
জেলার খবর / February 2, 2026

দেগঙ্গায় ‘আলোক ও আরোগ্য’ কর্মসূচি: পাঁচ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

বঙ্গদর্পণ,দেগঙ্গা: ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল ও চাঁদপুর এন.এস.-ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজুকবেড় এলাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘আলোক ও আরোগ্য’ স্বাস্থ্য কর্মসূচি। দারুল আরকাম ইন্টারন্যাশনাল স্কুল ও দারুল আরকাম জুনিয়র হাই-মাদ্রাসার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রান্তিক ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।

কলকাতা হেলথ ক্লাব, মাড়োয়ারি রিলিফ সোসাইটি, আর-আহমেদ ডেন্টাল হসপিটাল ও নবদিশার সার্বিক সহযোগিতায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ক্যাম্পে এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড পদ্ধতিতে চোখ পরীক্ষা, মোবাইল মেডিকেল বাস পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ অন্যান্য অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন দারুল আরকাম ইন্টারন্যাশনাল স্কুলের সম্পাদক ও শিক্ষাসেবী মোহাম্মদ আবু হানিফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হেলথ ক্লাবের ডিরেক্টর ডা. সোমা মুখার্জী, আয়োজক সংস্থার কর্ণধার সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ্ব ডা. ফিরোজ উদ্দিন মোহাম্মাদ শফী, চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সহ-সম্পাদক মিনহাজ উদ্দিনসহ স্থানীয় সমাজসেবী ব্যক্তিবর্গ।

চাঁদপুর এন.এস.-ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বিতীয় দিনের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক গরিব ও দুঃস্থ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেগঙ্গা এলাকার প্রান্তিক মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় চাঁদপুর এন.এস.-ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের ‘আলোক ও আরোগ্য’ কর্মসূচিকে শুভেচ্ছা জানান ওয়েস্ট বেঙ্গল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার ডা. মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আবেদ আলী, জমিয়ত উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন এবং সংগঠনের মুখ্য সংগঠক বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ আলহাজ্ব ডা. কবীর আহমেদ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.