বিচার বিভাগ ও পুলিশের ভাষা হোক হিন্দি: অমিত শাহর প্রস্তাব
অনলাইন, বঙ্গ দর্পণ:নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর — হিন্দি দিবসের মঞ্চ থেকে আবারও হিন্দির গুরুত্বের উপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার গান্ধিনগরে অনুষ্ঠিত পঞ্চম আখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, বিচার বিভাগ ও পুলিশের ভাষা হোক হিন্দি। এমনকি বিজ্ঞানের ক্ষেত্রেও হিন্দি ব্যবহারের পক্ষে মত দেন তিনি। অমিত শাহ বলেন, “হিন্দিকে ভারতের অন্যান্য ভাষার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সঙ্গী হিসেবে দেখতে হবে। হিন্দি অন্যান্য ভারতীয় ভাষার বন্ধু। দেশের ঐক্য ও শক্তির ভিত গড়ে উঠেছে বহুভাষিক সংস্কৃতির উপর।” তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতা আন্দোলনের সময় ভাষাই হয়ে উঠেছিল প্রতিরোধের হাতিয়ার। “বন্দে মাতরম” এবং “জয় হিন্দ”–এর মতো স্লোগান ভাষাগত চেতনার মধ্য দিয়েই জাতীয় গৌরবের প্রতীকে পরিণত হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী অসমের বিহু, বাংলার বাউল এবং পঞ্জাবের লহরির মতো আঞ্চলিক লোকসঙ্গীতের কথাও উল্লেখ করেন। নিজের গুজরাতি পরিচয় তুলে ধরে অমিত শাহ বলেন, “আমি গুজরাতি হয়েও হিন্দিকে আপন করে নিয়েছি। এতে কি নিজের পরিচয় হারিয়েছি? একেবারেই নয়। গুজরাতের ভাষা গুজরাতি হলেও দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধি, সর্দার বল্লভভাই প্যাটেল ও কেএম মুন্সির মতো নেতারা হিন্দিকে গ্রহণ করেছিলেন এবং তার প্রসারে ভূমিকা নিয়েছিলেন।” তিনি দাবি করেন, গুজরাত আজ হিন্দি ও গুজরাটি— দুই ভাষারই বিকাশের উজ্জ্বল উদাহরণ। এই অনুষ্ঠানে অমিত শাহর পাশাপাশি উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজভাষা বিভাগের সচিব অংশুলি আর্যসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের সাত হাজারেরও বেশি কর্মকর্তা। 👉 হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য কেন্দ্র সরকারের জোর প্রচেষ্টা নিয়ে যদিও বারবার সমালোচনা উঠছে, তবু হিন্দি দিবসের মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন— হিন্দি ভারতের ঐক্যের ভাষা, বিরোধের নয়।