অন্ধ্র প্রদেশে বাস দুর্ঘটনা: পাহাড়ি খাদে পড়ে ৯ জনের মৃত্যু, বহু আহত
অন্ধ্র প্রদেশের আলুরি জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শুক্রবার ভোরে তুলাসিপাকালু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও মোড় ঘোরানোর সময় চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন তীর্থযাত্রী। আরও দুইজন চালক ও একজন পরিচ্ছন্নতা কর্মীও বাসে ছিলেন। পাহাড়ি, জঙ্গলে ঘেরা পথ দিয়ে যাওয়ার সময় একটি বাঁক নিতে গিয়েই বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে ঝুলে পড়ে। যদিও সম্পূর্ণ নিচে পড়ে যায়নি, তবুও উল্টে ঝুলে থাকা অবস্থায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
খাদে ঝুলে থাকা বাসটি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই তারা পুলিশ ও প্রশাসনকে খবর দেন। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা যাত্রীদের বের করার কাজ শুরু করে। জেলার প্রশাসন নিশ্চিত করেছে, এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে চিত্তুরের হাসপাতালে এবং বাকিদের ভদ্রাচলমে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন। উদ্ধার অভিযান এখনও চলছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।
ছবি: সংগৃহীত