Tranding
রাজ্যের খবর / December 19, 2025

সংখ্যালঘু দিবসে কেভ হিরা কেরালা মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কুদ্দুস আলি মোল্লা, রাজারহাট, ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার: সংখ্যালঘু দিবস উপলক্ষে রাজারহাটের লাউহাটিতে কেভ হিরা কেরালা মডেল স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় শ্রী তাপস চ্যাটার্জী মহাশয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্বামীজি ও নবীজি—উভয়কেই আমি হৃদয়ে ধারণ করি। সব ধর্ম ও সম্প্রদায়কে আমি অন্তর থেকে ভালোবাসি এবং সম্প্রীতির বার্তা নিয়ে এগিয়ে যেতে চাই। ঈদের নামাজেও আমি অংশগ্রহণ করি।” তাঁর এই বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা উঠে আসে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গনুর পত্রিকার সম্পাদক মাওলানা আব্দুল মতিন। তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার মেলবন্ধন তৈরি করতে হবে। তবেই শিক্ষার্থীরা দেশ ও দশের কাজে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, “আদর্শ শিক্ষা জাতির মেরুদণ্ড। ছোটবেলা থেকেই যদি আদর্শ গড়ে তোলা যায়, তবে সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।”

 এছাড়াও উপস্থিত ছিলেন কারী জাবেদ আলি, মালেকা জাদি, আব্দুল জব্বার, জুলফিকার আলী মোল্লা, মোজাফফর মোল্লা, আব্দুল কাইয়ুম বৈদ্য, আলহাজ্ব সাব্বির আলী সহ আরও অনেকে। কেভ হিরা কেরালা মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্র-ছাত্রীদের পরিবেশিত ইসলামিক গান, কবিতা আবৃত্তি এবং বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের সাবলীল ও হৃদয়গ্রাহী উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

সার্বিকভাবে, সংখ্যালঘু দিবস উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রীতি, শিক্ষা ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিল।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.