পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি স্থলসেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর
ভারতীয় স্থলসেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার পাকিস্তানকে কড়া বার্তা দিলেন। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান যদি রাষ্ট্র সমর্থিত সন্ত্রাস চালিয়ে যেতে থাকে, তবে এবার ভারত আত্মসংবরণ করবে না, বরং আরও শক্ত জবাব দেবে।
রাজস্থানে এক কর্মসূচিতে জেনারেল দ্বিবেদী বলেন, “বিশ্বের ইতিহাস ও ভূগোলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে পাকিস্তানকে সন্ত্রাস বন্ধ করতে হবে। সিঁদুর অভিযানের সময় আমরা সংযম দেখিয়েছিলাম। আবার প্ররোচনা এলে এবার আরও এক ধাপ এগিয়ে যাব।”
তিনি আরও মন্তব্য করেন, “এমন আঘাত হানব, পাকিস্তানকে নিজের ইতিহাস আর ভূগোল টিকিয়ে রাখতে ভাবতে হবে।” সেনাদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, পূর্ণ প্রস্তুত থাকতে, কারণ খুব শীঘ্রই নতুন সুযোগ আসতে পারে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার সূত্রে পাকিস্তানি জঙ্গিদের যোগ প্রমাণিত হয়। পরবর্তীতে ভারতীয় সেনা মে মাসে সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন যে তারা ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে। যদিও ভারতীয় বায়ুসেনা প্রধান সেই দাবি “মনগড়া” বলে উড়িয়ে দিয়েছিলেন। এরই মাঝে সেনাপ্রধানের এই হুঁশিয়ারি নতুন জল্পনা সৃষ্টি করেছে, পাকিস্তান কি আবার জোরালো জবাব পেতে চলেছে?