Tranding
জাতীয় খবর / October 24, 2025

অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুন, অন্তত ১২ জনের মৃত্যু

কুর্নুল, অন্ধ্রপ্রদেশ, ২৪ অক্টোবর ২০২৫: শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়া একটি যাত্রীবোঝাই বাস একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, আহত বহু, এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় বাইকটি। কিছু দূর এগোবার পরই বাসে আগুন ধরে। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন, কেউ জানলা ভেঙে প্রাণ বাঁচান, কিন্তু অনেকে বাইরে বেরোতে পারেননি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দমকলকে খবর দেন।

বাসের চালক ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং পুলিশ তাঁকে খুঁজছে। আহতদের কুর্নুলের সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজ তদারকির জন্য মুখ্যসচিব ও সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারকে আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.