Tranding

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত, শতাধিক আহত

বলখ ও সামানগান প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, শত শত মানুষ আহত।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রবিবার গভীর রাতে আঘাত হেনেছে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান এক ভিডিও বার্তায় জানান, “বলখ ও সামানগান প্রদেশে এখন পর্যন্ত ২০ জনেরও বেশি নিহত এবং প্রায় ৩২০ জন আহত হয়েছেন।” তিনি বলেন, “এই পরিসংখ্যান এখনো প্রাথমিক।”

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বলখ প্রদেশের মাজার-ই-শরিফের কাছে খুলম এলাকায়, ভূমি থেকে ২৮ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রবিবার রাত ১২টা ২৮ মিনিটে (GMT 20:28) এটি অনুভূত হয়।

ভূমিকম্পের পর রাজধানী কাবুলসহ দূরবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আগস্টের শেষে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। ভূতাত্ত্বিকদের মতে, দেশটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

২০২৩ সালের অক্টোবর মাসেও হেরাত প্রদেশে অনুরূপ ৬.৩ মাত্রার ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.