মরক্কোতে আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু, আহত ৩২
মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।
এক ঘণ্টার ভারী বর্ষণের ফলে সাফির পুরাতন শহরের ৭০টিরও বেশি বাড়ি ও দোকানপাট প্লাবিত হয়েছে। বন্যায় অনেক গাড়ি ভেসে গেছে এবং আশপাশের রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আটলান্টিক উপকূলবর্তী এই বন্দর নগরীতে বিভিন্ন রুটে রাস্তার ক্ষতির কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধার কাজ এখনও চলছে।
স্থানীয় বাসিন্দা হামজা এই দুর্যোগকে "একটি কালো দিন" হিসেবে বর্ণনা করেছেন। আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার সারাদেশে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সাত বছরের দীর্ঘ খরার পর মরক্কোতে এটাই প্রথম বড় পরিমাণে ভারী বৃষ্টি।
ছবি: সংগৃহীত