গোয়ার নাইটক্লাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের প্রাণহানি, ঘটনার তদন্ত শুরু
উত্তর গোয়ার আরপোরায় বাগা সৈকতের কাছে অবস্থিত একটি জনপ্রিয় নাইটক্লাবে শনিবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। ক্লাবে পার্টি চলাকালীন রান্নাঘরের কাছে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি।
রাত প্রায় একটার সময় বিস্ফোরণের শব্দে ক্লাবের ভেতর ও আশপাশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। আগুনের তীব্রতার কারণে দমকলকর্মীদের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ধরে লড়াই করতে হয়। রবিবার ভোরে আগুন নেভানো সম্ভব হয়। মৃতদের মধ্যে ১৪ জন ক্লাবকর্মী এবং ৪ জন পর্যটক রয়েছেন। বাকি সাতজনের পরিচয় এখনও জানা যায়নি। সকলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরের দিকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্লাবটিতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার যথাযথতা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ঘটনার পুরোপুরি তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” কেন্দ্রীয় সরকার মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে।
ছবি: সংগৃহীত