লিবিয়া উপকূলে সুদানি শরণার্থী নৌকায় অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০
অনলাইন, বঙ্গ দর্পণ: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নৌকাটিতে মোট ৭৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সবাই চিকিৎসা সহায়তা পাচ্ছেন। আইওএম এক বিবৃতিতে বলেছে, “সমুদ্রপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।” গত মাসেই ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬৮ জন শরণার্থী ও অভিবাসী মারা গিয়েছিলেন। শুধু ২০২৪ সালেই ভূমধ্যসাগরে কমপক্ষে ২,৪৫২ অভিবাসী বা শরণার্থী মারা যান বা নিখোঁজ হন, যা এটিকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুটে পরিণত করেছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসী দেশটিতে অবস্থান করছে। তবে রাজনৈতিক অস্থিরতা ও প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের দখলদারিত্ব শরণার্থীদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, লিবিয়ার কোস্টগার্ড ইউরোপীয় ইউনিয়নের সহায়তা পেলেও তাদের সঙ্গে নির্যাতন ও চাঁদাবাজিতে জড়িত মিলিশিয়াদের সম্পর্ক রয়েছে। এছাড়া ইউরোপীয় দেশগুলো ধাপে ধাপে রাষ্ট্রীয় উদ্ধার অভিযান কমিয়ে দেওয়ায় শরণার্থীদের সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।