Tranding
মধ্যপ্রাচ্য / September 10, 2025

ইসরায়েলি বিমান হামলা লক্ষ্যবস্তু বানালো ইয়েমেনের রাজধানী সানা ও জওফ

বিশেষ প্রতিবেদন:ইয়েমেনের রাজধানী সানা ও জওফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। বুধবার হুতিদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং ইসরায়েলি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এটি আগস্টের পর প্রথম বড় আক্রমণ, যখন এক ইসরায়েলি হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও তার কয়েকজন মন্ত্রী নিহত হয়েছিলেন।

হুতিদের টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হামলা রাজধানী সানার পাশাপাশি জওফ প্রদেশের সরকারি কমপ্লেক্সেও চালানো হয়েছে। তাদের দাবি, ওই ভবন কোনো সামরিক ঘাঁটি নয়, বরং সাধারণ মানুষের জন্য ব্যবহৃত স্থাপনা।

অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল 12 জানায়, হামলায় হুতিদের সামরিক শিবির, জ্বালানি সংরক্ষণাগার ও গণমাধ্যম বিভাগকে টার্গেট করা হয়েছে। চ্যানেল 14 আরও জানায়, প্রথমবারের মতো হুতিদের রকেট উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ও মুখপাত্রের কার্যালয়েও হামলা চালানো হয়।

রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি হামলায় হুতি-নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্যবস্তু হয়। একইসঙ্গে সানার ষাট নম্বর সড়কের একটি চিকিৎসা কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “সামরিক বিমানগুলো সম্প্রতি সানা ও জওফে হুতিদের সামরিক ঘাঁটি, জ্বালানি মজুতকেন্দ্র ও সামরিক গণমাধ্যম দপ্তরে হামলা চালিয়েছে।”

হুতিদের গণমাধ্যম দাবি করেছে, বিমান হামলায় নিহত ও আহত হয়েছেন অনেকে। রাজধানী সানার আল-তাহরির এলাকার মিলিটারি মিডিয়া অফিস ধ্বংস হয়েছে এবং পার্শ্ববর্তী ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি প্রতিক্রিয়া

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এক্স প্ল্যাটফর্মে বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আরও শক্তিশালী আঘাতের, আজ আমরা ইয়েমেনে হুতিদের সামরিক শিবির ও গণমাধ্যম কেন্দ্রগুলোতে হামলা করেছি। ইসরায়েলের দীর্ঘ হাত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আঘাত হানবে।”

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেয়ি লিখেছেন, হামলা চালানো হয়েছে হুতিদের সামরিক ঘাঁটি, গোয়েন্দা কেন্দ্র, ও জ্বালানি মজুতকেন্দ্রে। তার দাবি, এসব স্থাপনাকে ব্যবহার করা হচ্ছিল ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও ড্রোন-রকেট উৎক্ষেপণের জন্য।

পটভূমি

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা নিয়মিত ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব আক্রমণ করছে। এরই প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে পাল্টা বিমান হামলা চালাচ্ছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.