Tranding
আর্ন্তজাতিক / February 14, 2026

বাংলাদেশে ডেথ সেল থেকে সংসদে: রংপুরে ৫৫ হাজার ভোটে জয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

বাংলাদেশে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে এক আলোচিত ফলাফল সামনে এসেছে। রংপুর-২ আসন থেকে ৫৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন কনডেম সেলে থাকার পর উচ্চ আদালতে খালাস পেয়ে নির্বাচনে অংশ নেওয়া এবং জয়লাভ—এই ঘটনাকে ঘিরে বাংলাদেশজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বেসরকারি ফল অনুযায়ী, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী সরকার পান ৮০ হাজার ৫৩৮ ভোট। ফলে ৫৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

পটভূমি

২০১২ সালে গ্রেপ্তারের পর মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী আপিল ও রিভিউ প্রক্রিয়ার পর দীর্ঘ সময় কারাগারের কনডেম সেলে থাকতে হয় তাকে। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের আপিল বিভাগ তাকে খালাস দিলে তিনি কারামুক্ত হন।

মুক্তির পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে ফেরেন এবং প্রায় নয় মাসের মাথায় জাতীয় নির্বাচনে অংশ নেন। তার এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

রাজনৈতিক প্রতিক্রিয়া

নির্বাচনের ফল ঘোষণার পর রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নিজ প্রতিক্রিয়ায় আজহারুল ইসলাম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সব নাগরিকের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির পক্ষে কাজ করার অঙ্গীকারও করেছেন তিনি।

ভারতীয় কূটনৈতিক মহলে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সূত্রের দাবি। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পুনর্বিন্যাস দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.