দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গঠনের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রদত্ত ভাষণে তিনি বলেন, ‘‘বিশ্বব্যাপী দুর্বল হয়ে পড়া অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা জোর দাবি জানাই। নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ আজ অত্যন্ত জরুরি।’’
তিনি আরও বলেন, ‘‘একই সঙ্গে আমরা স্বচ্ছতার ভিত্তিতে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সমর্থন করি। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি, যেখানে এত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কাছাকাছি অবস্থান করছে। তাই এর ঝুঁকি আমরা গভীরভাবে বুঝি।’’
ড. ইউনূস জানান, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এ বছর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতাধীন পারমাণবিক নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কনভেনশনে যোগ দিয়েছে। এর মাধ্যমে সর্বোচ্চ মানের নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।