Tranding

বেন গাভিরের আল-আকসা মসজিদে প্রবেশ, হামাসের নিন্দা ‘ইচ্ছাকৃত উস্কানি’ হিসেবে

তেল আবিব, ৮ অক্টোবর ২০২৫:

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভির বুধবার সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তিনি “যুদ্ধের বিজয়, হামাস ধ্বংস এবং জিম্মিদের মুক্তি”র জন্য প্রার্থনা করেন বলে তার কার্যালয় জানিয়েছে।

‘টাইমস অব ইসরায়েল’ জানায়, বেন গাভিরের নেতৃত্বে কয়েকজন ইসরায়েলি উপনিবেশবাসী (সেটলার) মগরিবি গেট দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে তেলমুদীয় ধর্মীয় আচারে অংশ নেয়। ঘটনাটি ঘটে ইহুদি ধর্মীয় উৎসব ‘সুক্কোত’ বা ‘আশ্রয় উৎসব’-এর দ্বিতীয় দিনে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ এই উৎসবের সুযোগ নিয়ে জেরুজালেমে উত্তেজনা বাড়াচ্ছে— শহরের প্রবেশপথ বন্ধ, সামরিক অবস্থান জোরদার, এবং মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি করছে।

হামাস এই ঘটনাকে “ইচ্ছাকৃত উস্কানি” বলে নিন্দা জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “বেন গাভিরের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অনুভূতি ও আল-আকসার পবিত্রতাকে আঘাত করেছে এবং ইসরায়েলি সরকারের ফ্যাসিবাদী মানসিকতাকে প্রকাশ করে।”

এদিকে, পশ্চিম তীরের হেবরনের পশ্চিমে তারকুমিয়া শহরে ২৪ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবককে ইসরায়েলি সেনারা গুলি করলে তিনি মাঝারি আঘাত পান। এছাড়া, রামাল্লাহর পশ্চিমে বেইত আওর আল-তাহতা গ্রাম থেকে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে দখলদার বাহিনী।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.