Tranding
রাজ্যের খবর / December 13, 2025

হরিণঘাটায় বেঙ্গল মাইনরিটি ফোরামের প্রস্তুতি সভা, গঠিত হলো ব্লক কমিটি

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গল মাইনরিটি ফোরামের উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে নদীয়া জেলার হরিণঘাটায়। একইসঙ্গে এদিন সংগঠনের হরিণঘাটা ব্লক কমিটি গঠন করা হয়।

সংখ্যালঘু অধিকার দিবস যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত এই সভায় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক সিয়ামত আলী বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগঠিত আন্দোলন অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার দিন।”

সংগঠনের সভাপতি শেখ মইনুল হক তাঁর বক্তব্যে জানান, বেঙ্গল মাইনরিটি ফোরাম রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবাধিকার, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বরের কর্মসূচির মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে সংখ্যালঘু অধিকার বিষয়ে সচেতন করা হবে।

সভায় আহ্বায়ক মির আজাহার উদ্দিন বলেন, নদীয়া জেলার হরিণঘাটা অঞ্চলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে এই প্রস্তুতি সভা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে বেঙ্গল মাইনরিটি ফোরামের হরিণঘাটা ব্লক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে শামীম মিয়া, সম্পাদক হিসেবে আরিফ মন্ডল এবং কোষাধ্যক্ষ হিসেবে রসূল মিধ্যাকে মনোনীত করা হয়। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় মানিক মন্ডল ও ফকির আলী মন্ডলকে।

এদিনের সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব, সমাজকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলেই ঐক্য, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আগামী দিনের সকল কর্মসূচিকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.