বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: মৃত ১১, আহত অন্তত ২০, ক্ষতিপূরণ ঘোষণা ছত্তীসগঢ় সরকারের
ছত্তীসগঢ়ের বিলাসপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে গেবরা রোড ও বিলাসপুরের মধ্যে লালখাদানের কাছে ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিলাসপুরের জেলা প্রশাসক সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, উদ্ধারকার্য এখনও চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
রেলের তরফে জানানো হয়েছে, কীভাবে ট্রেন দুটি একই লাইনে এসে পড়ল তা খতিয়ে দেখতে রেলওয়ে সেফটি কমিশনার পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, মালগাড়িটি লাইনে দাঁড়িয়ে থাকাকালীন পিছন থেকে যাত্রীবাহী ট্রেন এসে ধাক্কা মারে, ফলে একাধিক কামরা লাইনচ্যুত হয় এবং ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়।