এসআইআর প্রক্রিয়া ঘিরে জোর প্রস্তুতি, চলছে বিএলওদের প্রশিক্ষণ শিবির
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম শুরু হওয়ার আগে জোরকদমে চলছে বুথ লেভেল অফিসারদের (বিএলও) প্রশিক্ষণ। রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে গত ২৮ অক্টোবর থেকে এবং চলবে আগামী সোমবার, ৩ নভেম্বর পর্যন্ত।
কলকাতাতেও শনিবার একাধিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। কলেজ স্ট্রিটের ডিরোজিও হলে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় চৌরঙ্গী, বেলেঘাটা ও জোড়াসাঁকো এলাকার বিএলওরা প্রশিক্ষণ নেবেন। দ্বিতীয় দফায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এন্টালি, শ্যামপুকুর ও কাশীপুর-বেলগাছিয়ার বিএলওদের সেশন হবে। এছাড়া মানিকতলার বিএলওদের জন্য জেসপ বিল্ডিংয়ের তৃতীয় তলায় আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সূত্রের খবর, এসআইআর-এর জন্য প্রয়োজনীয় ফর্মগুলি ইতিমধ্যে ডাউনলোড করা হয়েছে এবং শনিবারের মধ্যেই ছাপার জন্য পাঠানো হবে। ৩ নভেম্বরের মধ্যে ফর্মগুলি সব বিএলওর হাতে পৌঁছে যাবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ৪ নভেম্বর থেকেই বাড়ি-বাড়ি ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
প্রশিক্ষণ প্রক্রিয়া রাজ্য পর্যায়ে একাধিক ধাপে চলছে। প্রথমে রাজ্য নির্বাচন দফতর জেলা আধিকারিকদের প্রশিক্ষণ দিয়েছে, তার পর জেলা পর্যায়ে ইআরও (ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার), এইআরও (অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার) এবং পরবর্তীতে বিএলওদের মধ্যে প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিহারে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, যেখানে প্রায় ৩০ লক্ষ নাম বাদ পড়েছে বলে কমিশন জানিয়েছে। পশ্চিমবঙ্গেও একই প্রক্রিয়া শুরু হতে চলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
ছবি: আনন্দবাজার পত্রিকা